
ফেস্টুনে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চট্টগ্রাম নগরে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে এ শোভাযাত্রা বের হয়।
বঙ্গবন্ধুর ছবি শুদ্ধভাবে উপস্থাপন ও তাঁকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য ‘শুদ্ধ প্রতিকৃতি’ নামে এ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতির তিন শটি প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় শামিল হন নেতা-কর্মীরা।
শোভাযাত্রা বের হওয়ার আগে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জাহিদ হোসেন।
লতিফের পক্ষে সাত সাংসদের বিবৃতি: সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন চট্টগ্রামের সাত সাংসদ। তাঁরা এম এ লতিফকে নিয়ে লালদীঘির ময়দানের সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যেরও প্রতিবাদ করেন। সাত সাংসদের স্বাক্ষরসহ এই বিবৃতিটি গতকাল ই-মেইলের মাধ্যমে বিভিন্ন সাংবাদিকের কাছে পাঠানো হয়।
বিবৃতিতে চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আফছারুল আমীন, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম ও চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের স্বাক্ষর রয়েছে।
বিবৃতিতে সাত সাংসদ বলেন, ‘ছবি বিকৃতির আত্মস্বীকৃত ডিজাইনারের বিরুদ্ধে অবস্থান না নিয়ে এম এ লতিফের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তাঁর (মহিউদ্দিন চৌধুরী) আচরণ কোনোভাবেই একজন দায়িত্বশীল নেতার মতো হতে পারে না।’
গত সোমবার বিকেলে লালদীঘি ময়দানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে সাংসদ এম এ লতিফকে ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি লতিফকে চট্টগ্রামে চলাফেরা করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তাঁকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, এটা কোনো সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি (মহিউদ্দিন চৌধুরী) দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ ও পাগলের প্রলাপ।’
এই বিবৃতির বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং তাঁর সম্পর্কে এই হাইব্রিড এমপিরা কি কিছু বোঝেন? যখন বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে চট্টগ্রামের রাস্তায় টাঙানো হয় তখন এই হাইব্রিড এমপিরা কোথায় ছিলেন? এখন পাকিস্তানি মনোভাবাপন্ন লতিফের জন্য মায়াকান্না কেন? লতিফের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছি তা থেকে একচুলও পিছপা হব না। লতিফের শাস্তি হতেই হবে।’