চট্টগ্রামের তিন পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত
আটকের ২৪ ঘণ্টার মধ্যে ছয় আসামিকে আদালতে হাজির না করায় চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছেন আদালত। তিন পুলিশ কর্মকর্তা হলেন, চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান, নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন ও অঞ্জন গুপ্ত। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আদেশ দেন। কাল বৃহস্পতিবার তিনজনকে হাজির হতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান প্রথম আলোকে বলেন, ৯ আগস্ট ছয়জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। কিন্তু পরদিন তাঁদের আদালতে হাজির না করে দুই দিন পর ১১ আগস্ট আদালতে হাজির করে। বুধবার আসামিদের রিমান্ড ও জামিন শুনানিকালে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণকারী চান্দগাঁও থানার ওসি, মামলার বাদী এসআই অঞ্জন গুপ্ত ও তদন্ত কর্মকর্তা ইমাম হোসেনের কাছে কারণ ব্যাখ্যা চান।
অভিযোগের বিষয়ে এসআই ইমাম হোসেনকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘যাঁরা আসামি ধরেছেন, তাঁরা যখন নিয়ে এসেছেন, তখনই মামলা নেওয়া হয়। বিষয়টি আদালতে লিখিতভাবে জানাব।’
১১ আগস্ট ডিবি উত্তর বিভাগের মনসুরাবাদ কার্যালয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে বলেন, নগরের বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করত একটি সিন্ডিকেট।
তাদের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয় আসামি হলেন মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।