চট্টগ্রামের দুটি খালের দখলদারদের উচ্ছেদের নির্দেশ আদালতের
চট্টগ্রাম নগরের চাক্তাই ও রাজাখালী খাল থেকে ১২৬ অবৈধ দখলদারকে ৯০ দিনের মধ্যে উচ্ছেদে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আদালত চট্টগ্রামের দুটি খাল থেকে ১২৬ দখলদারকে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। উচ্ছেদের আগে দখলকারীদের নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনকে দুই সপ্তাহ সময় দিতে বলেছেন আদালত।
চাক্তাই ও রাজাখালী খাল চট্টগ্রাম নগরের পানিনিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম। এই দুটি খাল নগরের বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। পরে কর্ণফুলী নদীতে মিশেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত চাক্তাই ও রাজাখালী খালের প্রকৃত সীমানা চিহ্নিত করে খালের জায়গায় মাটি ভরাট, দখল উচ্ছেদ এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। ২০১৬ সালের ৬ জুন আদালত দুটি খাল জরিপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসন দুটি খালে ১২৬ দখলদার চিহ্নিত করে প্রতিবেদন দেয়। প্রতিবেদন অনুযায়ী চাক্তাই খালে ৬৫ এবং রাজাখালী খালে ৬১ দখলদার রয়েছে।
গতকালের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুসারে খাল ভরাট নিষিদ্ধ। কিন্তু চট্টগ্রাম নগরের প্রশাসনের শত শত ব্যক্তিদের চোখের সামনে খালের জায়গা দখল করে পানির প্রবাহ বন্ধ করা হয়েছে। এতে চট্টগ্রামে লাখ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন। জরিপ অনুযায়ী, খালের দখলদারদের উচ্ছেদে আদালতের নির্দেশনা চান তিনি।
গতকাল বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঞা, রিপন বাড়ৈ ও সঞ্চয় মণ্ডল।
সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শেখ সাইফুজ্জামান। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ হান্নান।