চট্টগ্রামের ধনিয়ালাপাড়ায় পানির তীব্র সংকট
চট্টগ্রাম নগরের ধনিয়ালাপাড়া থেকে একটি গভীর নলকূপ উঠিয়ে নেওয়ার কারণে এই এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রোজার মাসে এলাকার বাসিন্দারা কষ্টে জীবন পার করছেন।
নগরের কদমতলী এলাকায় একটি উড়ালসড়ক তৈরির কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই উড়ালসড়কের সীমানার মধ্যে ছিল ওয়াসার গভীর নলকূপটি। সিডিএর অনুরোধে মাস তিনেক আগে গভীর নলকূপটি তুলে ফেলে চট্টগ্রাম ওয়াসা। এর পর থেকে কদমতলী ও ধনিয়ালাপাড়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। তবে রোজার মাসে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করে।
ধনিয়ালাপাড়ার এক গৃহিণী গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে ফোনে বলেন, ‘টানা দুই সপ্তাহ ওয়াসার পাইপলাইন দিয়ে এক ফোঁটা পানিও পাওয়া যায়নি।’
ভুক্তভোগী বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, ‘তিন মাসের বেশি সময় ধরে পানির সংকট রয়েছে। কিন্তু রোজার মধ্যে এক ফোঁটা পানি পাওয়া যাবে না, এটা কেমন কথা?’
সাহাব উদ্দিন আরও বলেন, ‘আমাদের পাকা ভবনগুলোর টয়লেট থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কারণ, পর্যাপ্ত পানি না ঢাললে বাথরুম ও টয়লেটগুলো পরিষ্কার রাখা যায় না। টাকা দিয়ে পরিমিত পানি কিনে আনি। তা দিয়ে রান্নাবান্না ও গোসল সারতে হয়। টয়লেটে ঢালার জন্য এত পানি পাব কোথায়?’
ওয়াসা সূত্র জানায়, ধনিয়ালাপাড়ার ওই গভীর নলকূপটি উড়ালসড়ক নির্মাণের কারণে রাস্তার পাশ থেকে তুলে নেওয়া হয়। বিকল্প জায়গা পাওয়া যাচ্ছে না। তাই ওই এলাকায় পানির সংকট আপাতত কাটার কোনোর সম্ভাবনা নেই।
ওয়াসার ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এজাজ রসুল প্রথম আলোকে বলেন, ‘সিডিএর অনুরোধে আমরা ধনিয়ালাপাড়া থেকে গভীর নলকূপটি সরিয়ে নিয়েছি। এ কারণে ওই এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তবে কলেজিয়েট স্কুলের পাশে আরেকটি নলকূপ রয়েছে। সেই নলকূপ থেকে আমরা কিছু পানি ধনিয়ালাপাড়ায় দেওয়ার চেষ্টা করি।’
নতুন জায়গায় গভীর নলকূপ বসানোর পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে এজাজ রসুল বলেন, ‘আমরা জায়গা পাচ্ছি না। এভাবে কিছু সময় কষ্ট করতে হবে।’
ওয়াসা রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে আরেকটি পানি শোধনাগার প্রকল্পের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী বছরের জুনের মধ্যে আরও ১৩ কোটি ৬০ লাখ লিটার বাড়তি পানি পাওয়া যাবে। ওই সময় পর্যন্ত ধনিয়ালাপাড়াবাসীকে অপেক্ষা করতে হবে বলে ওয়াসার কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।