চট্টগ্রামের মেয়ররা ডোবেন জলাবদ্ধতায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজুর আলম
মনজুর আলম

২০১০ সালের ১৪ জুন। টানা বৃষ্টিতে তলিয়ে যায় পুরো চট্টগ্রাম নগর। এর দুই দিন পর অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বিপুল ভোটে পরাজিত করেন তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে। জলাবদ্ধ চট্টগ্রাম যেন ‘ভাগ্য’ খুলে দেয় তাঁর। ওই নির্বাচনে মনজুর আলমের এক নম্বর প্রতিশ্রুতি ছিল, স্বল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসন করবেন তিনি।
পাঁচ বছর পর মনজুর আলমের প্রতিদ্বন্দ্বী বদলেছে। কিন্তু সমস্যা আগের মতোই রয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরের কাট্টলী এলাকায় নিজ বাসভবনে বিএনপি-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘এক মেয়াদের মধ্যে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।’
সদ্যবিদায়ী এই মেয়র জানান, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের ফলে নগরে এখন আর জলাবদ্ধতা হয় না। যা হয় তা জলজট মাত্র। মনজুর আলমের দাবি, জলাবদ্ধতা নিরসনে অতীতে কেউ কোনো উদ্যোগ না নিলেও তিনটি প্রকল্প নিয়েছেন তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী সুফল পাবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালনকালে মনজুর আলম নতুন খাল খননে প্রকল্প নিয়েছেন মাত্র একটি। বহদ্দারহাটের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পটি গত বছরের ২৪ জুন একনেক অনুমোদন দেয়। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি টাকা।
কিন্তু এ প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। এ ছাড়া ২০১৪ সালে ২৫ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট মোড়ের নালাটি ৬ ফুট থেকে ১৪ ফুট চওড়া করার কাজ শুরু করা হয়। এ কাজ এখন শেষ পর্যায়ে। ২ হাজার ২০০ ফুট দীর্ঘ নালাটি চান্দগাঁওয়ের ডোম খালের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
দুই দশক ধরে নগরবাসীর প্রধান দুর্ভোগ এই জলাবদ্ধতা। বর্ষা তো বটেই, শুষ্ক মৌসুমেও জোয়ারের প্রভাবে চাক্তাই ও মহেশ খালের দুই পাশের এলাকা ডুবে যায়। খাল দখল, জলাধার ভরাট ও অপরিকল্পিত নগরায়ণের কারণে নতুন নতুন এলাকা এর কবলে পড়ছে। তাই এবারও সিটি নির্বাচনে জলাবদ্ধতাই প্রধান ইস্যু।
গত বৃহস্পতিবার চাক্তাই খালের পাড়ে কথা হয় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুল গণির সঙ্গে। সামনে নির্বাচন, কী চান নতুন মেয়রের কাছে—এই প্রশ্নে তিনি বলেন, ‘আকাশে মেঘ দেখলেই বুঝতে পারি, আজ কপালে দুর্ভোগ আসছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কোমরপানি হয়। পথের ধারে জমে থাকা আবর্জনা আর বৃষ্টিতে জলাবদ্ধতা আমাদের এখন এই হাল।’ তাঁর প্রশ্ন, নতুন মেয়র কি পারবেন জলাবদ্ধতা আর আবর্জনা থেকে মুক্তি দিতে?
বাকলিয়ার আরেক বাসিন্দা মোহাম্মদ আলমগীরের অভিযোগ, চাক্তাই খালের এক পাড়ের রাস্তা উঁচু ও কংক্রিটের তৈরি, অন্য অংশ পাকা করা হয়নি। খাল থেকে মাটি ও আবর্জনা তুলে রাস্তার পাশে দিনের পর দিন ফেলে রাখা হয়। গত পাঁচ বছরে জলাবদ্ধতা আর পরিচ্ছন্নতার ক্ষেত্রে পরিবর্তন আসেনি।
বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম জানান, জলাবদ্ধতার কারণে অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত চার বছরে নগরের বিভিন্ন খাল-নালার ১৪৭ কিলোমিটার অংশ থেকে মাটি উত্তোলন ও অপসারণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এই সময়ে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১৪০ কিলোমিটার নালা-নর্দমা নির্মাণ করা হয়েছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে নালা-খালে ৩৭ কিলোমিটার প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ৬৩টি ডাম্প ট্রাক, সাড়ে চার কোটি টাকায় ১০টি কনটেইনার মুভার, এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১১০টি কনটেইনার এবং ১১ কোটি টাকায় নয়টি এক্সকাভেটর (খননযন্ত্র) কেনা হয়। নগরের জলাবদ্ধতা নিরসন ও আবর্জনা অপসারণে এসব গাড়ি ও যন্ত্রপাতি কেনা হয়েছে।
গত পাঁচ বছরে চট্টগ্রামের জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতাসহ সামগ্রিকভাবে মনজুর আলম জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনি জানান, সাবেক মেয়র জলাবদ্ধতা নিরসনের জন্য একটি মাত্র প্রকল্প সরকারের কাছে পাঠিয়েছেন। মহাপরিকল্পনা অনুযায়ী তা-ও খণ্ডিত। অবশ্য নগরের সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করতে পেরেছেন তিনি। তবে পরিচ্ছন্নতা পরিস্থিতির অবনতি হয়েছে।
বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম বলেন, বছরের নয় মাস পানির নিচে থাকতে হয়। নির্বাচনের আগে মেয়র পদপ্রার্থীরা প্রতিশ্রুতি দেন, পরে কিছুই করেন না।
গত নির্বাচনের আগে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের ৫৬টি প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা। এ বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম নগরে এখন ৩৫ লাখের জায়গায় ৬০ লাখ মানুষ বসবাস করে। কিন্তু সেবক (পরিচ্ছন্নতাকর্মী) আছেন মাত্র দুই হাজার। আবর্জনা পরিষ্কার করতে তিন হাজার নগরবাসীর জন্য সেবক রয়েছেন মাত্র একজন।