চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লায় রেললাইন মেরামত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগি। ওই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
লাকসাম জংশনের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
কুমিল্লার নাঙ্গলকোট আউটার স্টেশনের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এবং রেললাইন কাটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের ইঞ্জিনের চারটি চাকা ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। আজ ভোর সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফিশপ্লেট খুলে ফেলায় কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ ভোর রাতের কোনো এক সময় কে বা কারা রেললাইনের ফিশপ্লেট ও তিন ফুটের মতো রেললাইন কেটে ফেলায় গোধূলী এক্সপ্রেসটি দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রেললাইন মেরামত ও উদ্ধারকাজ শুরু হয়।
দুর্ঘটনার কারণে ওই রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে। রেললাইন মেরামত ও উদ্ধারকাজ শেষে ওই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।