চট্টগ্রামের ১০০ কিমি সড়ক ক্ষতবিক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে টানা বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে নগরের সড়কগুলো। যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। চকবাজার এলাকার সিরাজদৌল্লা সড়কের ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রামে টানা বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে নগরের সড়কগুলো। যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। চকবাজার এলাকার সিরাজদৌল্লা সড়কের ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

কয়েক দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম নগরের অনেক সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যান চলাচলে সমস্যা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত সড়কগুলো সংস্কারও করা যাচ্ছে না।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের প্রায় ১০০ কিলোমিটার পাকা সড়ক কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কের জরিপের কাজ শেষ করেছে করপোরেশন। বৃষ্টি থামলেই চলতি মাসের শেষের দিকে সড়ক মেরামতের কাজ শুরু হতে পারে। প্রথম দুই সপ্তাহে বড় সড়ক এবং পরবর্তী দুই সপ্তাহে অভ্যন্তরীণ সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ করা হবে।
নগরের আন্দরকিল্লা থেকে চকবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘে৵র সিরাজদ্দৌলা সড়কটি চার লেনের। চওড়া এই সড়কে যানজট হওয়ার কথা নয়। কিন্তু টানা বৃষ্টিতে বিটুমিনের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে গাড়ির গতি কমে আসায় সড়কটিতে এখন যানজট হচ্ছে।

নগরের কাপাসগোলা সড়ক থেকে ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
নগরের কাপাসগোলা সড়ক থেকে ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, সিরাজদ্দৌলা সড়কের মতো অবস্থা নগরের বেশির ভাগ প্রধান ও অভ্যন্তরীণ সড়কের। এর মধ্যে বৃষ্টি ও জোয়ারের পানিতে আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর ও বাকলিয়ার অভ্যন্তরীণ সড়কগুলোয় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া স্টেশন সড়ক, অক্সিজেন মোড়, নেভাল সৈকত সড়ক, চকবাজার-কাপাসগোলা সড়ক, স্টেডিয়ামসংলগ্ন নেভাল অ্যাভিনিউ, টাইগারপাস থেকে আমবাগান, জাকির হোসেন সড়ক, নাসিরাবাদ আবাসিক এলাকা ও অভ্যন্তরীণ সড়কগুলোও খানাখন্দে ভরা। খানাখন্দে জমে আছে পানি ও আবর্জনার স্তূপ। পানিতে সেই আবর্জনা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিশেষ করে বাকলিয়া, হালিশহর ও আগ্রাবাদসহ কয়েকটি এলাকায় উৎকট দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। কোথাও আবার সড়কের ওপর জমেছে মাটি ও পাহাড়ি বালুর স্তূপ। কিন্তু বেশির ভাগ এলাকা থেকে মাটি, বালু ও আবর্জনা সরানোর কোনো উদ্যোগ গতকাল পর্যন্ত নেওয়া হয়নি।
আগ্রাবাদ এলাকার বাসিন্দা এবং উপসচিব মাহবুব কবির প্রথম আলোকে বলেন, ‘জোয়ারের সময় আমাদের এলাকার রাস্তা দিনে প্রায় ১০ ঘণ্টা তিন-চার ফুট পানির নিচে ডুবে থাকে। এ সময় ময়লা-আবর্জনাও ভেসে আসে।’
বাকলিয়ার বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, বৃষ্টি ও জোয়ারের ময়লা পানির সঙ্গে ভাসছে আবর্জনা। তাই দুর্গন্ধে রাস্তায় বের হওয়া দায়।
এদিকে গতকালও নগরজুড়ে থেমে থেমে বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘টানা বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নগরের সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি বন্ধ হলেই চলতি মাসের শেষের দিকে রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু হবে। এ জন্য আট থেকে দশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’