চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, গুরুতর অবস্থায় হাসপাতালে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে রোববার রাতে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার দুপুরে তাকে পাঠানো হয় হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
শিশুটির পরিবারের ভাষ্য অনুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রোববার দুপরে সবজি কেটে দেওয়ার জন্য নিজের ঘরে ডাকেন প্রতিবেশী শাহ আলম (৩২)। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে শাহ আলম শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের পর শিশুটি ঘরে ফিরে এলে তার রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাকে শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখান থেকে সোমবার দুপুরে তাকে পাঠানো হয় হাসপাতালের ওসিসিতে।
শের-ই–বাংলা মেডিকেলের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম জানান, গাইনি বিভাগে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের শিকার শিশুটিকে ওসিসিতে পাঠানো হয়। তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। শিশুটির চিকিৎসা ও শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
শিশুটির দিনমজুর বাবা বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিন ব্যাগ রক্তের প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। তাই রক্ত সংগ্রহের জন্য চেষ্টা করছি। চিকিৎসা করাতে ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ দিতে পারিনি।’