চতুর্থ সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আজ রোববার। সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ৫ নভেম্বর।
গত শুক্রবার ও গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় নির্ধারিত বুথ থেকে সমাবর্তনের পোশাক সংগ্রহ করেছেন গ্র্যাজুয়েটরা। এরপরেই তা পরিধান করে উল্লাসে মেতে ওঠেন নিবন্ধিত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আসা প্রাক্তন শিক্ষার্থীরা জমিয়ে আড্ডা দিয়েছেন পুরোনো বন্ধুদের সঙ্গে। তবে গাউনের সঙ্গে টুপি না দেওয়ায় সমাবর্তনের আনন্দে ভাটা পড়েছে বলে জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গাউনের পাশাপাশি টুপি দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে গাউন দেওয়া হলেও টুপি দেওয়া হচ্ছে না।’
পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী চৌধুরী মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘অনেক দিন পর সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে। ভালোই লাগছে। সমাবর্তন নিয়মিত হওয়া উচিত।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বলেন, সমাবর্তন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।