চন্দনাইশে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৩২) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউসুফ সাতকানিয়া উপজেলার নুরুল আলমের ছেলে।

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে মোহাম্মদ ইউসুফকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য ব্যক্তিরা হলেন—চন্দনাইশ উপজেলার রোজী আকতার (২৫), সাতকানিয়া উপজেলার আবদুল লতিফ (৬০), মোহাম্মদ রফিক (৩০), বাবু (২১), চন্দনাইশের মোতাহের আলী (৩৫) ও আফিফ (২১)।

ওই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা নাসিফা নুর বলেন, মোহাম্মদ ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করলেও দুজন আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ নামের একজন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি মাকছুদ আহমদ বলেন, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যাঁদের নাম বলা হচ্ছে তাঁরা সবাই আহত হয়েছেন কি না, তা তিনি নিশ্চিত নন।