চন্দ্রায় পুলিশের কঠোর নজরদারিতে যান চলাচল কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় শুক্রবার সকাল থেকে পুলিশ কঠোর নজরদারি শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল গত কয়েক দিনের তুলনায় আজ কম ছিল
ছবি: প্রথম আলো

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ শুক্রবার সকাল থেকে হাইওয়ে ও জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে মহাসড়কে অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল খুবই কম। তবে হাজারো মানুষ পায়ে হেঁটে গাজীপুর, সাভার ও ঢাকায় ঢুকছেন। তাঁদের মধ্যে অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘গাজীপুর মহাসড়কে চেকপোস্ট আছে, পুলিশ নেই’ শিরোনামের এক সচিত্র সংবাদ প্রকাশ করা হয়। এরপর আজ সকাল থেকে পুলিশ মহাসড়কের তল্লাশিচৌকিতে কঠোর নজরদারি শুরু করে।
এলাকাবাসী ও পুলিশ জানান, উত্তরবঙ্গের অধিকাংশ সড়কের যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে চলাচল করে। এ কারণে মহাসড়কের এ অংশ উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি পেয়েছে।

ঈদের ছুটিতে শিল্পকারখানার শ্রমিকসহ হাজার হাজার মানুষ গ্রামের বাড়িতে গেছেন। এরই মধ্যে সরকার কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে। ঈদের আমেজ শেষ হলেও বিধিনিষেধ শেষ হয়নি। গাজীপুর, সাভার ও ঢাকায় ১ আগস্ট থেকে শিল্পকারখানা খুলেছে, এমন খবর আগে থেকেই পেয়ে শ্রমিকেরা গ্রাম থেকে নানা উপায়ে ফিরতে শুরু করেছেন। কেউ ট্রাক-পিকআপ ভ্যানে, কেউ অটোরিকশায়, আবার কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। মহাসড়কে বের হলেই দেখা যায়, লোকজন তাঁদের মালপত্র ও ব্যাগ নিয়ে ফিরে আসছেন।

আশরাফুল ইসলামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তাঁর দুই হাতে দুই ব্যাগ। পাশে স্ত্রী সালমা আক্তারের কোলে দুই বছরের শিশুকন্যা। তাঁরা হেঁটে চন্দ্রা এলাকা অতিক্রম করছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় আশরাফুলের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘বৃহস্পতিবার মাঝরাতে রংপুর থেকে একটি ট্রাকে রওনা হয়েছি। সিরাজগঞ্জ কড্ডার মোড় এলাকায় নামিয়ে দিয়েছিল। পড়ে সেখান থেকে একটি পিকআপ ভ্যানে সকালে চন্দ্রায় পৌঁছাই। এখানে চেকপোস্ট আছে দেখে অনেক দূরে নামিয়ে দিয়েছে পিকআপ ভ্যানের চালক। তাই হেঁটে যাচ্ছি।’

চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা যায়, পুলিশ প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অনেক গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। মাঝেমধ্যে রিকশার জটলা বেড়ে গেলেই পুলিশ ধাওয়া করছে। পুলিশ ধাওয়া করলেই অটোরিকশা নিয়ে পালিয়ে যান চালকেরা। আবার অনেক অটোরিকশা আটকও হয়েছে।

এ বিষয়ে কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক বলেন, অন্য দিনের তুলনায় পুলিশ আজ সকাল থেকে আরও কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে যানবাহনের চলাচলও কমে গেছে। অসুস্থ রোগী বা খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানাবাহনকে যেতে দেওয়া হচ্ছে না। তবে অনেকে পায়ে হেঁটেই তাঁদের কর্মস্থলে ফিরছেন।