চন্দ্রায় বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের চাপায় শেফালি আক্তার (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শেফালি আক্তার নীলফামারীর ডিমলা উপজেলার চালাইহাটি গ্রামের বকুল মিয়ার স্ত্রী।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, শেফালি আক্তার কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকার একটি ভাড়া বাসা থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল সন্ধ্যায় কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি মীর গোলাম ফারুক আরও জানান, খবর পেয়ে নিহত শেফালির লাশ উদ্ধার করে পুলিশ। ঘাতক বাসটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় এটি জব্দ করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।