চবিতে ৯ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়ার হুমকির ঘটনায় ৯ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার তাঁদের এই নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জোবায়ের, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের রানা আহমেদ, একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওয়ায়দুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশিষ দাস, দর্শন বিভাগের চতুর্থ বর্ষের সাজ্জাদুর রহমান, সংস্কৃত বিভাগের স্নাতকোত্তরের তুষার তালুকদার, হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আহম্মদ উল্লাহ রাব্বি ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের রুদ্র তালুকদার। তাঁরা শাখা ছাত্রলীগের নেতা বিজয়ের কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
নোটিশ পাওয়া ছাত্রলীগ কর্মী জোবায়ের বলেন, তাদের ফাঁসানো হয়েছে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত নন। উল্টো সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তাঁদের ক্ষতি করবেন এমন হুমকি দিয়েছেন ৷
সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযোগ থেকে বাঁচতে ছাত্রলীগ কর্মীরা এসব বানোয়াট গল্প বলছেন ৷ তিনি কারও সঙ্গে অসদাচরণ বা হুমকি দেননি ৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ৯ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে হবে।
এর আগে ১৬ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল হলের দ্বিতীয় তলায় পূর্ব ব্লকে সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৯ জুন প্রক্টর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতারা।