চবিসাসের বার্ষিক সাধারণ সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০১৪ কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ১৫ মে বেলা একটায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চবিসাসের সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী ও তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খান।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের সাহসী উচ্চারণ সমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান করে এবং সমাজে গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখে।’ তিনি সাংবাদিক সমিতির সদস্যদের ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও উৎকর্ষ সাধনে সততা ও ন্যায়পরায়ণতা চর্চার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।