চমেকে সংঘর্ষের ঘটনায় মামলায় গ্রেপ্তার ২ ছাত্রলীগ কর্মীর জামিন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনার মামলায় গ্রেপ্তার দুই ছাত্রলীগ কর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন উৎস দে ও এনামুল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী।
আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই মেডিকেল ছাত্রের পরীক্ষার কথা বিবেচনা করে আদালত জামিন আবেদন মঞ্জুর করেছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গত ২৯ অক্টোবর রাতে চমেকের প্রধান ছাত্রাবাসে মারামারি হয়। ওই ঘটনায় ৩১ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার পর পাল্টাপাল্টি তিন মামলা হয়।
গত মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে মারামারির ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের ৩১ কর্মীকে বহিষ্কার করা হয়। মারামারির কারণে ২৬ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার কলেজে আবার ক্লাস শুরু হয়েছে।