চরফ্যাশনে মাছঘাটে আগুনে পুড়েছে ১০ দোকান

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি আড়ৎ ও মুদিদোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে উপজেলার সাগর মোহনার ইউনিয়ন ঢালচরের মাছঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে কালাম পাটওয়ারীর তিনটি, নান্নু মাতব্বরের দুটি, আবুল কালামের দুটি আড়ৎ ও মো. রিয়াজ ও নুরে আলমের পৃথক দুটি ও অপর একটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মৎস্য ব্যবসায়ী আবদুস সালাম হাওলাদার বলেন, কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে আগুন লাগিয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।