চরম কষ্টে দিন কাটছে তাঁদের

অ্যাসোসিয়েশন জানিয়েছে পাবনার ৯ উপজেলায় ২৫০টি কিন্ডারগার্টেন ছিল। এসব প্রতিষ্ঠানে চাকরি করেন প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবনটি ছিল একটি কিন্ডারগার্টেনের। খরচ চালাতে না পেরে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। সেখানে গড়ে উঠেছে কুরিয়ার সার্ভিসের কার্যালয়। সম্প্রতি পাবনা শহরের শালগাড়িয়ায়
ছবি: হাসান মাহমুদ

পাবনা জেলা শহরের আতাইকুলা সড়ক। এ সড়কেই ছিল তিনটি কিন্ডারগার্টেন। ভোর হলেই সড়কটি শিশু-কিশোরদের পদচারণে সরব হয়ে উঠত। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ চিত্র বদলে গেছে। দুই বছর ধরে কিন্ডারগার্টেনগুলোতে নিস্তব্ধতা বিরাজ করছে। সড়কটির তিনটি কিন্ডারগার্টেনের মধ্যে দুটি বন্ধ হয়ে গেছে।

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের কারণে আতাইকুলা সড়কের ২টি কিন্ডারগার্টেনসহ ৫৫টি কিন্ডারগার্টেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আয়রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারী পরিবার নিয়ে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন।

জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, করোনা শুরুর আগে পাবনা জেলার ৯ উপজেলায় ২৫০টি কিন্ডারগার্টেন ছিল। এসব প্রতিষ্ঠানে চাকরি করেন প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারী। তাঁদের বেতন-ভাতায় খাবারের জোগান হতো পরিবারের প্রায় ২০ হাজার সদস্যের। করোনা সংক্রমণ শুরুর পর থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করতে পারেনি। ফলে অর্থের অভাবে মালিকেরা ইতিমধ্যে ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। যাঁরা এখনো প্রতিষ্ঠান বন্ধ করেননি, তাঁরা ঋণে জর্জরিত।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আতাইকুলা সড়কের পাশের একটি ভবনে মাতৃভূমি কিন্ডারগার্টেন ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন নেই। ভবনটিতে এখন কুরিয়ার সার্ভিসের কার্যালয়। এর কয়েকটি ভবনের পরই ছিল লিটল জুয়েল কিন্ডারগার্টেন। ভবনটিতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানটির সাইনবোর্ডই ঝুলছে, ভেতরটা পুরো ফাঁকা। আর একটু এগোলেই সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিশাল দুটি ক্যাম্পাস। সারা দিন শিশু-কিশোরের হইহুল্লোড়ে মুখর থাকত যে প্রতিষ্ঠান, তা এখন জনমানবশূন্য। পাশের দিলালপুর মহল্লার একটি ভবনে ছিল যিহোবা যিরি কিন্ডারগার্টেন। শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। এখন ওই ভবনে কয়েকটি পরিবার কক্ষ ভাড়া নিয়ে বাস করছে।

যিহোবা যিরি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কেয়া দাস জানান, করোনা শুরুর পর তিনি প্রায় এক বছর প্রতিষ্ঠান টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। বাড়িভাড়া বাকি থাকায় আর টিকিয়ে রাখতে পারেননি। শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাব বিক্রি করে বাড়িভাড়া শোধ করেছেন। প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়ে বেকার হয়েছেন ১৬ শিক্ষক-কর্মচারী।

করোনার মধ্যেও টিকে আছে জেলার অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির কার্যালয় সূত্রে জানা যায়, দুটি ক্যাম্পাস নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি। করোনা শুরুর আগে ২০১৯ সালে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত তাদের প্রায় ৭৫০ শিক্ষার্থী ছিল। ২০২১ সালে শিক্ষার্থী কমে দাঁড়িয়েছে ৪৫০ জনে। এর মধ্যে মাত্র ২০০ জন অনলাইনে ক্লাস করছে। কিন্তু প্রতি মাসে প্রতিষ্ঠানটির ৪২ শিক্ষক-কর্মচারীর বেতন বাবদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং দুটি ক্যাম্পাসের ভাড়া বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, সুনামের সঙ্গে ও লাভজনকভাবেই প্রতিষ্ঠানটি চলছিল। এখন ঋণ করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার চেষ্টা করছেন। এভাবে আর কিছুদিন চললে বসতভিটা বিক্রি করে দেনা শোধ করতে হবে।

কিন্ডারগার্টেন বন্ধ থাকায় দিলালপুর মহল্লার আবদুল সালাম নামের এক শিক্ষক বেকার হয়ে পড়েছেন। বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্ত্রী ও সন্তানদের নিয়ে কষ্টে দিন কাটছে। বেসরকারি শিক্ষকদের জীবন ও সম্মান রক্ষায় এ অবস্থার পরিবর্তন প্রত্যাশা করছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেকার হয়ে পড়া আরও অন্তত পাঁচজন শিক্ষক বলেন, বেতন-ভাতার পাশাপাশি টিউশনি করে তাঁদের কিছু আয় হতো, যা দিয়ে সংসার চলত। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেতন দিচ্ছে না। অনেকে ধার করে ও পারিবারিক সম্পত্তি বিক্রি করে সংসার চালাচ্ছেন।

জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে মজিদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রণোদনা দেওয়া হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে কেউ নজর দেয়নি। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাঁর।