পিরোজপুরের নাজিরপুর
চরের জমিতে দুই জেলার সীমানা নিয়ে উত্তেজনা
পশ্চিম বানিয়ারি গ্রামের মানুষ জমি দখলে নেওয়ার প্রস্তুতি নিলে উমাঝুড়ি গ্রামবাসী প্রতিহতের ঘোষণা দেন।
পিরোজপুরের একটি গ্রাম ও বাগেরহাটের একটি গ্রামের সীমানায় বলেশ্বর নদের চরের জমি দখল নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ভূমি জরিপ অধিদপ্তর দুই জেলার সীমানা চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন করার পর বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাঝুড়ি গ্রামবাসীর দখলে থাকা কয়েক একর জমি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারি মৌজার মধ্যে পড়ে। পশ্চিম বানিয়ারি গ্রামের মানুষ ওই জমি দখলে নেওয়ার প্রস্তুতি নিলে উমাঝুড়ি গ্রামবাসী প্রতিহতের ঘোষণা দেন। এতে সংঘর্ষের আশঙ্কায় দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, ‘সম্প্রতি ভূমি জরিপ অধিদপ্তর দুই জেলার সীমানা চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন করে। এতে চিতলমারী উপজেলার দখলে থাকা কয়েক একর জমি নাজিরপুর উপজেলার মধ্যে পড়ে। ওই জমি দখল নিয়ে সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। গত বৃহস্পতিবার দুপুরে বানিয়ারি গ্রামে আইনশৃঙ্খলা সভা করেছি। পাশাপাশি বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাঝুড়ি গ্রামে থানা-পুলিশ আইনশৃঙ্খলা সভা করেছে। সভায় গ্রামবাসীকে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে।’
এ ব্যাপারে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ বলেন, গত জানুয়ারিতে বরিশাল ও খুলনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা হয়। ওই সভায় উভয় বিভাগের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতামতে ১৯৮০ সালে ওই এলাকা থেকে বয়ে যাওয়া বলেশ্বর নদের গতিপথের মাঝামাঝি উভয় বিভাগের সীমানা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪২ থেকে ১৯৫০ সালের আরএস ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে, নাজিরপুর ও চিতলমারী উপজেলার সীমানার মধ্যবর্তী স্থানে বলেশ্বর নদের অবস্থান ছিল। চার দশক আগে নদ ভরাট হয়ে চর জেগে ওঠায় ৮১ দশমিক ৮৭ একর জমি নিয়ে উভয় জেলার মধ্যে সীমানা–বিরোধের সৃষ্টি হয়। ২০০৫ সালের ১০ মে ভূমি জরিপ অধিদপ্তর দুই উপজেলার সীমানা চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন করে। আগের সীমানা পিলার তুলে ফেলা হলে ২০১৩ সালের ১৯ জুন ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ২০০৫ সালের চিহ্নিত সীমানা বাতিল করে দেন। সর্বশেষ গত ২৬ থেকে ২৯ মে ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাল ম্যাপ করে দুই জেলার সীমানা চিহ্নিত করে ৩২টি সীমানা পিলার স্থাপন করে।
স্থানীয় লোকজন জানান, বলেশ্বর নদ অর্ধশত বছর আগে নাব্যতা হারালে দুই তীরে চর জেগে ওঠে। এই চরের জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসী চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছেন। প্রতিবছর ধান আবাদ ও ফসল কাটার মৌসুমে ঘটছে ছোট-বড় সংঘর্ষ। এ নিয়ে দুই জেলার থানা ও আদালতে বিভিন্ন সময়ে অন্তত ১৭টি মামলা হয়েছে। ২০১৯ সালের ২ মার্চ রাতে স্থানীয় দুই পক্ষের মধ্যে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ হলে পশ্চিম বানিয়ারি গ্রামের মৃত নরেন্দ্র বিশ্বাসের বসতঘরটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর মৃত নরেন্দ্র বিশ্বাসের মেয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা ওয়াশিংটনে অনুষ্ঠিত ধর্মীর স্বাধীনতাবিষয়ক সম্মেলনে যোগ দিতে গিয়ে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছিলেন, যা দেশব্যাপী আলোচিত হয়েছিল।
নাজিরপুরের বানিয়ারি গ্রামের সঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমার পূর্বপুরুষের জমি নদে ভেঙে গেছে। ভেঙে যাওয়া জমির রেকর্ড মূলে জেগে ওঠা চরের জমির মালিকানা আমরা দাবি করছি। কিন্তু উমাঝুড়ি গ্রামের কিছু মানুষ আমাদের জমি জোর করে দখল করে রেখেছে। সীমানা পিলার দেওয়ার পর আমরা দখল করা জমি ফিরে পাওয়ার আশা করছি।’
বানিয়ারি গ্রামের আরেক বাসিন্দা রসময় বিশ্বাস বলেন, ‘আমাদের বানিয়ারি মৌজার জমি বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাঝুড়ি গ্রামের কিছু ভূমিদস্যু জোর করে দখল করে ভোগ করছে। সীমানা পিলার দেওয়ার পর ওই জমি আমরা দখলে যেতে চাইলে দখলদারেরা বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। এ জন্য সংঘর্ষ এড়াতে আমরা দখল নিতে যাচ্ছি না। আমাদের জমির দখল পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অন্যদিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাঝুড়ি গ্রামের বাসিন্দা আবু বকর শেখ বলেন, ‘আমি তিন বিঘা জমি ভোগ দখল করছি। নদীভাঙনের কারণে জমি হারানো এ গ্রামের পরিবারগুলো চরের জমি ভোগ করছে। হাইকোর্টের রায় আমাদের পক্ষে রয়েছে। এখন একটি মহল প্রশাসনকে প্রভাবিত করে সীমানা পিলার দিয়ে আমাদের জমি বানিয়ারির মধ্যে দিয়েছে। আমাদের দাবি ছিল ব্রিটিশ আমলে বয়ে যাওয়া বলেশ্বর নদের অবস্থান অনুযায়ী উপজেলার সীমানা নির্ধারণের।’