চর্মরোগসহ সৌন্দর্য বৃদ্ধির আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্প্রসারণের উদ্যোগ
দেশে চর্মরোগের চিকিৎসা বলতে ত্বকের সাধারণ চিকিৎসাকেই এত দিন বুঝেছে মানুষ। কিন্তু এখন সময় বদলেছে। সৌন্দর্যের প্রতি মানুষের আগ্রহ ও আকর্ষণ বেড়েছে। এখন শল্যচিকিৎসার মাধ্যমে ত্বকের বিভিন্ন ধরনের দাগ, ব্রণ, তিল অপসারণ, চুলপড়া বন্ধসহ সৌন্দর্য বৃদ্ধির প্রয়োজনীয় চিকিৎসার দিকে ঝুঁকছেন অনেকেই। সৌন্দর্য বৃদ্ধির আধুনিক চিকিৎসাকে নতুন চিকিৎসকদের মধ্যে পরিচিত করা এবং তা জেলা-উপজেলা পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সব মানুষ এই আধুনিক চিকিৎসা পদ্ধতির সুফল পেতে পারে।
সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত চর্ম ও যৌনরোগ বিষয়ে সম্মেলন ও কর্মশালায় বক্তারা এমন কথাই জানিয়েছেন। শ্রীমঙ্গলের একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘এসডিএসবি কনফারেন্স সিলেট-২০২২’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
কর্মশালায় ডার্মাটো সার্জারি ও অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিষয়ে দেশ-বিদেশের চর্মরোগ বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। চর্মরোগ ও সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে ভিডিওসহ দেশ-বিদেশের নতুন নতুন উদ্ভাবন তুলে ধরা হয়। সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশ (এসডিএসবি) এই কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এসডিএসবি সিলেট শাখার সভাপতি অধ্যাপক চিকিৎসক তহুর আবদুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্মরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান এ জেড এম মাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসডিএসবির কেন্দ্রীয় সভাপতি চিকিৎসক এস এম বখতিয়ার কামাল, সাবেক সভাপতি চিকিৎসক মো. শহীদুল্লাহ ও কেন্দ্রীয় কমিটির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক চিকিৎসক আসিফ উজ জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এসডিএসবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চিকিৎসক সৈয়দ আফজালুল করিম। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন এসডিএসবি কেন্দ্রীয় কমিটির চিফ প্যাট্রন অধ্যাপক চিকিৎসক এম এ ওয়াহাব। শুভেচ্ছা জ্ঞাপন করেন এসডিএসবি সিলেট শাখার সাধারণ সম্পাদক চিকিৎসক আফরোজা রশীদ। সঞ্চালনা করেন কর্মশালা ও সম্মেলনের সমন্বয়ক চিকিৎসক মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে অনলাইনে ভারতের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রবন্ধ উপস্থাপন করেন।
চিকিৎসক মো. তৌহিদুল ইসলাম বলেন, বর্তমান যুগে মানুষ সৌন্দর্যের প্রতি বেশি সচেতন। মুখের ব্রণ, মেচতার দাগ, দাগপড়া, চুলপড়া ইত্যাদির আধুনিক চিকিৎসা সম্পর্কে জুনিয়র চিকিৎসকদের অবহিত করা হয়েছে। কোন জায়গায় কী ব্যবস্থা আছে, তা জানানো হয়েছে। অর্থাৎ আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিও প্রদর্শন করে চিকিৎসা পদ্ধতি দেখানো হয়েছে, যাতে জুনিয়র চিকিৎসকেরা চিকিৎসায় আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ের রোগীরাও এর সুফল পায়।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সৈয়দ আফজালুল করিম বলেন, এ সম্মেলন চিকিৎসকদের মধ্যে চর্মরোগ বিষয়ে উন্নত মানের চিকিৎসা পদ্ধতি শেখার আগ্রহ তৈরি করবে। লোকজন চিকিৎসার জন্য দেশের বাইরে যান। সম্মেলনে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ ধারণা স্পষ্ট হবে, একই চিকিৎসা এখন দেশের মধ্যে করা সম্ভব।