চলছিল ইট বিছানোর প্রস্তুতি, শ্রমিকেরা লাগালেন চা-গাছ
ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইট বিছানোর প্রস্তুতি চলছিল চা-বাগান এলাকার একটি কাঁচা রাস্তায়। চা-বাগানের শ্রমিকেরা গিয়ে তাতে বাধা দেন। এ সময় তাঁরা ওই রাস্তায় লাগিয়ে দেন চা–গাছের চারা। মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে ফুলতলা চা-বাগানের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, যে রাস্তায় ইট বিছানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি দিয়ে লোকজনের চলাচল নেই। রাস্তায় ইট বিছালে ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুক আহমদের লাভ বেশি। এতে তাঁর ফলবাগানে যাতায়াতের সুবিধা হবে। অন্যদিকে রাস্তাটি ভালো হলে যান চলাচল বেড়ে যাবে। এতে চা–বাগানের নিরাপত্তা বিঘ্নিত হবে। তা ছাড়া চা-বাগানের অনেক খারাপ রাস্তা আছে। সেসব রাস্তায় কাজ হয় না। তাই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে এই রাস্তায় ইট বিছানোর কাজে বাধা দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলতলা চা-বাগান থেকে মতিঝিল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তার কিছু অংশ ফুলতলা চা-বাগানের ১৮ ও ২২ নম্বর সেকশন এলাকায় পড়েছে। ওই রাস্তার আদাবাড়ি এলাকায় বন বিভাগের জমির পাশ ঘেঁষে রয়েছে বেশ কিছু টিলাভূমি। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে। কয়েক বছর আগে জেলা পরিষদের একটি প্রকল্পের আওতায় রাস্তাটির কিছু স্থানে ইট বিছানোর কাজ হয়। সম্প্রতি ইউপি কর্তৃপক্ষ স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় রাস্তার আরও প্রায় ৬০ মিটার এলাকায় ইট বিছানোর উদ্যোগ নেয়। মঙ্গলবার ওই কাজের প্রস্তুতি চলছিল। দুপুরের দিকে বাগানের পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা রাস্তার কাজে বাধা দেন। একপর্যায়ে রাস্তায় চা–গাছের চারা লাগানো শুরু করেন তাঁরা। পরে আর রাস্তায় ইট বিছানোর কাজ হয়নি।
বিষয়টি নিয়ে চা-বাগান কর্তৃপক্ষ যে অভিযোগ করেছে, তা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ। তিনি বলেন, রাস্তার কাজ হলে শুধু তাঁর ফলবাগানের নয়, চা-বাগানের শ্রমিকদেরও চলাচলের সুবিধা হতো। বাগান কর্তৃপক্ষের মদদে শ্রমিকেরা এ ঘটনা ঘটিয়েছেন উল্লেখ করে চেয়ারম্যান বলেন, তিনি বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী স্থানীয় সাংসদ শাহাব উদ্দিনকে জানিয়েছেন।
ঘটনার সময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম ইউপি কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়া জুড়ী থানার একদল পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
ইউএনও আল ইমরান বলেন, রাস্তার কাজ হলে সমস্যার কোনো কারণ নেই। চা-বাগান কর্তৃপক্ষ কাজে বাধা দিয়ে ঠিক করেনি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।