চলনবিলে ইজিবাইক পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু জান্নাতি
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে নিখোঁজ এক শিশুর (২) লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের ‘বিলশা মা জননী সেতু’র পাশে জান্নাতি নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।

গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক থেকে বিলের মধ্যে ইজিবাইক পড়ে নিখোঁজ হয়েছিল শিশুটি। শিশু জান্নাতি জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শাঐল গ্রামের জুলহকের মেয়ে।

গুরুদাসপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শাঐল গ্রামের শিশু জান্নাতিসহ ৮ সদস্যের একটি দল ব্যাটারিচালিত ইজিবাইকে করে উপজেলার খুবজীপুর গ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে আসছিলেন। শিশুটি তার নানির কোলে ছিল।

সন্ধ্যার দিকে পথ ভুলে খুবজীপুরের বিলসা গ্রামের দিকে যাচ্ছিল তাদের বহনকরা ইজিবাইকটি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিয়েবাড়ির ঠিকানা নিশ্চিত হয়ে চালক ইজিবাইকটি ঘোরানোর চেষ্টা করেন। এ সময় তাদের বহন করা ইজিবাইকটি সড়ক থেকে ১৫ থেকে ২০ ফুট নিচে চলনবিলের পানিতে তলিয়ে যায়। অন্য যাত্রীরা প্রাণে বাঁচলেও শিশু জান্নাতি নিখোঁজ হয়।

খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। আজ ‘বিলশা মা জননী সেতু’র পাশে শিশু জান্নাতির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বেলা ১১টায় শিশুর বাবাসহ অন্যরা লাশটি নিয়ে যান।

শিশুর বাবা জুলহক মুঠোফোনে জানান, তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলের জন্মের পাঁচ বছর পর মেয়ে জান্নাতির জন্ম। এ কারণে অনেক আদুরে ছিল। দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর শোক সইতে পারছেন না।