চলনবিলে পথ হারানো ৪০ পর্যটককে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার মধ্য চলনবিলে।
আজ বৃহস্পতিবার সকালে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্ধার অভিযানের বর্ণনা দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাত ১০টার সময় ৯৯৯ নম্বর থেকে পুলিশ সুপারকে ফোন দিয়ে বলা হয়, চলনবিলে বেড়াতে এসে ৪০ জন পর্যটক বহনকারী একটি নৌকা পথ হারিয়ে ফেলেছে। তথ্যদাতা নিজেও ওই নৌকায় রয়েছেন। তাঁরা বিলের তীরে পৌঁছাতে পারছেন না। খবর পাওয়ার পর পুলিশ তথ্যদাতার মুঠোফোন ‘ট্র্যাকিং’ করে সিংড়ার বিলদহর এলাকায় আত্রাই নদে অবস্থান শনাক্ত করে। কিন্তু গুরুদাসপুর থানার পুলিশ সেখানে গিয়ে তাঁদের সন্ধান পায়নি। পরে আরও ভাটিতে ব্রজেন্দ্রনগর এলাকায় আবার তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। তবে সেখানে গিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। তবে রাত প্রায় ১২টার দিকে সিংড়া থানার টহল পুলিশ চলনবিলের পূর্বাংশ থেকে ভাসমান অবস্থায় পর্যটকদের নৌকাটির সন্ধান পায় এবং নৌকাটি উদ্ধার করে সিংড়ায় নিয়ে আসে। উদ্ধার পর্যটকেরা মানসিকভাবে ভেঙে পড়লেও সুস্থ ছিলেন বলে জানান। অত্যধিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নৌকার মাঝি পথ ভুলে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
আমরা ৪০ জন নানা বয়সের মানুষ বুধবার বিকেলে নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে চলনবিলে বেড়াতে বের হই। নৌকায় মাঝি ও সহকারী মিলিয়ে ছিলেন আরও দুজন। সন্ধ্যা ৭টায় আমরা সিংড়ার তিশিখালে মাজারে গিয়ে নৌকা থেকে নামি। সেখানে রাতের খাওয়াদাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে সবাই বাড়ির উদ্দেশে রওনা হই। এ সময় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। রাত ১১টার দিকে আমরা বুঝতে পারি যে আমাদের নৌকা ভুল পথে যাচ্ছে।পিয়াস সরকার, ৯৯৯ নম্বরে ফোনকারী নৌকার পর্যটক
বিপদে পড়েও উপস্থিত বুদ্ধি থেকে ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন নৌকায় থাকা পর্যটক পিয়াস সরকার (৪২)। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ৪০ জন নানা বয়সের মানুষ বুধবার বিকেলে নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে চলনবিলে বেড়াতে বের হই। নৌকায় মাঝি ও সহকারী মিলিয়ে ছিলেন আরও দুজন। সন্ধ্যা ৭টায় আমরা সিংড়ার তিশিখালে মাজারে গিয়ে নৌকা থেকে নামি। সেখানে রাতের খাওয়াদাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে সবাই বাড়ির উদ্দেশে রওনা হই। এ সময় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। রাত ১১টার দিকে আমরা বুঝতে পারি যে আমাদের নৌকা ভুল পথে যাচ্ছে। এ সময় আমরা ৯৯৯ নম্বরে ফোন করে আমাদের উদ্ধারের জন্য পুলিশকে অনুরোধ করি। অবশেষে রাত ১২টার দিকে চলনবিলের পূর্বাংশ থেকে আমাদের পুলিশ উদ্ধার করে।’ এ ঘটনার জন্য পর্যটকদের পক্ষ থেকে পিয়াস নাটোর জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকবাহী নৌকাটি হারিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ চিন্তিত হয়ে পড়েছিল। প্রযুক্তি ব্যবহার করেও তাঁদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। নৌকাটি দিকহারা হয়ে চলছিল। অবশেষে সিংড়া থানার টহল পুলিশ তাঁদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিয়েছে।লিটন কুমার সাহা, পুলিশ সুপার, নাটোর
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকবাহী নৌকাটি হারিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ চিন্তিত হয়ে পড়েছিল। প্রযুক্তি ব্যবহার করেও তাঁদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। একাধিক জায়গায় অবস্থান শনাক্ত করার পরও তাঁদের পাওয়া যাচ্ছিল না। নৌকাটি দিকহারা হয়ে চলছিল। অবশেষে সিংড়া থানার টহল পুলিশ তাঁদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিয়েছে।
পুলিশ সুপার এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে পর্যটকদের রাতে চলনবিলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা না ছাড়ার ব্যাপারে নৌকার চালকদের সতর্ক করেন।