চলনবিলে শিকারির ফাঁদে ধরা পড়া ১০০ বক উদ্ধারের পর অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিলে শিকারিদের ফাঁদে ধরা পড়া ১০০ বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে চলনবিলের বিলশা মাঠ এলাকায়
ছবি: প্রথম আলো

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে শিকারিদের ফাঁদে ধরা পড়া ১০০ বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে বকগুলো অবমুক্ত করেন গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী।

মেয়র শাহনেওয়াজ আলী বলেন, আজ ভোরে উপজেলার চলনবিল–অধ্যুষিত বিলশা, বামনবাড়িয়া ও যোগেন্দ্রনগর এলাকায় ফাঁদ পেতে ১৫-২০ জন শিকারি ১০০ বক ধরেন। স্থানীয় সংবাদকর্মী নাজমূল হাসান ও তামিম হোসেন বকগুলো উদ্ধার করে তাঁর (মেয়ের) কাছে নিয়ে যান। পরে তিনি বকগুলো অবমুক্ত করেছেন।

বকগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মোল্লা, সংবাদকর্মী নাজমুল হাসান, মেহেদী হাসান প্রমুখ।

সাংবাদিক নাজমূল হাসান বলেন, একশ্রেণির মানুষ সুপারি ও কলাপাতা দিয়ে ফাঁদ তৈরি করে সেখানে বক রেখে মুক্ত আকাশে উড়ে বেড়ানো বকগুলো শিকার করছেন। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তাঁরা দুজন বকগুলো উদ্ধার করে অবমুক্ত করার ব্যবস্থা করেন।

পৌর মেয়র বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। যেসব অসাধু ব্যক্তি পাখি শিকার করছেন, তাঁদের আইনের আওতায় এনে প্রকৃতির সম্পদ রক্ষা করতে প্রশাসনের এগিয়ে আসা উচিত।

এর আগে ১০ অক্টোবর ৭০০ বক ঢাকায় নিয়ে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান উদ্ধার করে অবমুক্ত করেন।