চলনবিলে ৬০টি বক ও কালিম পাখি উদ্ধার

মঙ্গলবার ভোরে সিংড়ার শালিখা এলাকায় পরিবেশকর্মীরা যৌথ অভিযান চালিয়ে ৬০টি বক ও কালিম পাখি উদ্ধার করেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলে পাখি শিকার বন্ধে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা অভিযান চালিয়েছেন। এ সময় পাখি দিয়ে পাখি শিকারের অন্তত ২০টি ‘কিল্লা ঘর’ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এসব ফাঁদ থেকে ৬০টি বক ও কালিম পাখি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সিংড়ার চলনবিলের শালিখা এলাকায় এই অভিযান চালানো হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা যায়, চলনবিলে পানি কমতে শুরু করায় ধানখেতে ঝাঁকে ঝাঁকে বক ও কালিম পাখি বসছে। এই সুযোগে শিকারিরা ধানখেতের মধ্যে ‘কিল্লা’ বানিয়ে পাখি বেঁধে রাখেন। ওই পাখির ডাকে অন্য পাখিরা কিল্লার ওপর বসামাত্র শিকারিরা তাদের ধরে ফেলেন। এভাবে পাখি দিয়ে পাখি শিকারের ফলে চলনবিলে হাজার হাজার বক পাখি নিধন হচ্ছে। এর আগে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি কয়েকটি অভিযান চালিয়ে সহস্রাধিক বক পাখি উদ্ধার করে। তবু পাখি নিধন বন্ধ হয়নি। এবার রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরাও চলনবিলে ফাঁদ ধ্বংস ও শিকারিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছেন।

চলনবিলে পানি কমতে শুরু করায় ধানখেতে ঝাঁকে ঝাঁকে বক ও কালিম পাখি বসছে। এই সুযোগে শিকারিরা ধানখেতের মধ্যে ‘কিল্লা’ বানিয়ে পাখি বেঁধে রাখেন।
সিংড়ার শালিখা এলাকায় পরিবেশকর্মীরা যৌথ অভিযান চালিয়ে পাখি ধরার ফাঁদ (কিল্লাঘর) ধ্বংস করে। মঙ্গলবার সকালে
প্রথম আলো

মঙ্গলবার ভোরে উভয় সংগঠনের সদস্যরা চলনবিলের দুর্গম শালিখা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা অন্তত ২০টি ‘কিল্লা ঘর’ ধ্বংস করেন এবং শিকারিদের হাত থেকে ৬০টি বক ও কালিম পাখি উদ্ধার করেন। উদ্ধার করা হয় শিকারের সরঞ্জাম। তবে শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে চলনবিলের পেট্রোবাংলা পয়েন্ট এলাকায় উদ্ধার করা বক ও দুর্গাপুরে উদ্ধার করা অর্ধশত বেগুনি কালিম পাখি অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে পাখি বাঁচাতে প্রতিদিন ভোরে তাঁদের সদস্যরা বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। শিকারিদের আটক করে প্রশাসনের মাধ্যমে সাজা প্রদান ও মুচলেকা নিচ্ছেন। এ ছাড়া মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।