চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা: দোষীদের গ্রেপ্তারের দাবি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ রোববার দুপুরে জেলা নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির ব্যানারে দিরাই পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধনে এই দাবি করা হয়। আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, আয়োজক সংগঠনের সদস্য আইনজীবী এ আর জুয়েল, শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজের চেয়ে কথাই বেশি হয়। সরকারের নানা উদ্যোগ থাকার পরও ধর্ষণ ও নির্যাতনের ঘটনা কমেনি। দিরাইয়ের ঘটনায় বাস মালিক-শ্রমিকেরা দায় এড়াতে পারেন না। দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শান্তি নিশ্চিত করতে হবে।
দিরাই উপজেলার দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় গতকাল শনিবার বিকেলে চলন্ত বাসে কলেজছাত্রীকে চালক ও তাঁর সহকারী ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দিন রাতে মেয়েটির বাবা বাদী হয়ে দিরাই থানায় বাসের চালক, চালকের সহকারীসহ তিনজনের নামে মামলা করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় তিনজনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।