চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক তরুণী (২১) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রথমে চলন্ত বাসে তাঁকে ধর্ষণ করা হয়, পরে সাহায্য চাইতে গিয়ে আরেক দফা ধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মিরসরাই থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

ওই তরুণী চট্টগ্রামের অলংকার মোড় এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি থাকেন নগরের আকবর শাহ এলাকায়।
মিরসরাই থানা-পুলিশ ও ভুক্তভোগী তরুণী জানান, বুধবার সন্ধ্যায় কারখানা থেকে কাজ শেষে বের হলে তাঁর পরিচিত মিনি বাসচালক আশ্রাফুল ইসলাম তাঁকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তুলে নেন। এরপর গাড়ি আকবর শাহ এলাকার দিকে না গিয়ে সীতাকুণ্ডের পথে চলতে থাকে। তরুণী প্রতিবাদ করলে বাসচালকের সঙ্গে থাকা ব্যক্তিরা হুমকি দেন। একপর্যায়ে চলন্ত গাড়িতে চালক আশ্রাফুল ও সহকারী শাহাদাত তাঁকে ধর্ষণ করেন। পরে রাত ৯টার দিকে তাঁকে নামিয়ে দেওয়া হয় সীতাকুণ্ডে। সেখানে নামার পর তিনি চাকরিসূত্রে পরিচিত রায়হানকে ফোন করে সাহায্য চান। রাতে রায়হান তরুণীকে আরেকটি মিনিবাসে তুলে মিরসরাইয়ে বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে তিনিসহ কয়েকজন রাতভর ধর্ষণ করেন। পরে সকালে থানায় গিয়ে তিনি মামলা করেন।

পুলিশ গতকাল শুক্রবার বিকেলে আশ্রাফুল ইসলাম (২৩), মো. শাহাদাত হোসেন (১৯), রায়হান উদ্দিন (২০), মো. বেলাল হোসেন (২৩), মো. ইসমাইল (৩১) ও মো. সাগরকে (২২) গ্রেপ্তার করেছে।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, মামলার পর দুটি মিনিবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ছয়জনকে। তাঁরা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।