চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন শনিবার, অনিয়মের অভিযোগ
প্রায় আট বছর পর শনিবার চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে জেলা বিএনপির রাজনীতি নতুন করে চাঙা হওয়ার পথে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রবাসীকল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী। তাঁরা হলেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি প্রার্থী মমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি প্রার্থী মো. কামাল উদ্দিন চৌধুরী, অপর সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোস্তফা খান ও কাজী গোলাম মোস্তফা। সম্মেলনে শেখ ফরিদ আহমেদও সভাপতি পদের প্রার্থী।
লিখিতে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘আমরা সম্মেলনের বিরুদ্ধে বা দলের কারও বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন ডাকিনি। এ সম্মেলনে কিছু অনিয়ম ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ নিয়ে সাংবাকিদের সহায়তা চাইছি। তা হলো বিএনপির গঠনতন্ত্রের বিশেষ বিধানের ধারা ১৫খ–এর মতে, বর্তমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পদে থাকা অবস্থায় শেখ ফরিদ আহমেদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা, সম্মেলনের স্থান হিসেবে নয়াপল্টনে বিএনপির অফিস অথবা চাঁদপুর জেলার আটটি উপজেলায় আটটি ভোটকেন্দ্র স্থাপন করা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা ও ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর নিজ নিজ ইউনিটে ভোটকেন্দ্র স্থাপন করে নিজস্ব মতামত দলের মহাসচিবের কাছে পাঠানো। এরপরও শেখ ফরিদ আহমেদ এসব পদে থেকে সভাপতি পদে নির্বাচন করতে চাইলে দলীয় চেয়ারপারসনের অনুমতি নিয়ে করতে পারবেন। অথবা তাঁকে দুটি পদ থেকে পদত্যাগ করতে হবে।’
এ বিষয়ে শেখ ফরিদ আহমেদ বলেন, ‘যাঁরা আমার বিরুদ্ধে বা এ সম্মেলনে নিযুক্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন, তাঁরা সাংগঠনিক কার্যকলাপবিরোধী কাজ করেছেন। বিষয়টি দলীয় হাইকমান্ড বিবেচনা করবে। কারণ, সুষ্ঠু রাজনীতির এ ক্রান্তিকালে অনেক ত্যাগের বিনিময়ে দলটি সুসংগঠিত করা হয়েছে। এগুলো করে কেউ কোনোভাবে এ সম্মেলন নসাৎ করতে পারবে না। দলের ভেতরেও বিভক্তি তৈরি করতে পারবে না।’