চাঁদপুর থেকে অপহরণের ১২ দিন পর যশোরে মিলল যুবকের লাশ
চাঁদপুর থেকে অপহরণের ১২ দিন পর যশোরে পাওয়া গেছে হান্নান মৃধা (৩৭) নামের এক যুবকের লাশ। আজ রোববার সকালে যশোরের বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে লাশ উদ্ধার করেছে বন্দর থানা-পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর মডেল থানা-পুলিশ।
নিহত হান্নান মৃধা চাঁদপুর পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন মৃধার ছেলে। লাশ উদ্ধারের খবর পেয়ে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী। রোববার দুপুরে দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ হান্নান তাঁর শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে তিনি নিখোঁজ হন। ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন হান্নানের চাচাতো ভাই সজীব মৃধা ও নুর আলম মৃধা। ৬ মার্চ অচেনা মুঠোফোন নম্বর থেকে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ১১ মার্চ তাঁদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরই মধ্যে আজ হান্নানের লাশ উদ্ধার হলো।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।