চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ভিড়
কঠোর বিধিনিষেধ শিথিলের আজ বুধবার প্রথম দিনে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। আজ সকাল থেকে লঞ্চঘাটে যাত্রীদের ভিড় লক্ষ করা যায়। যাত্রীর চাপে লঞ্চঘাটের প্রবেশপথে জটলার সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, আজ সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ১২টি বড় লঞ্চ চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে সকাল ৬টায় রফরফ-৭, সকাল ৭টায় সোনার তরী-১, সকাল ৮টায় ইগল-৩, সকাল ৯টায় ইগল-৭, সকাল সাড়ে ৯টায় ইমাম হাসান, সকাল ১০টায় মিতালী-৩, সকাল সাড়ে ১০টায় বোগদাদীয়া-৫ ঘাট ছেড়ে যায়। প্রতিটি লঞ্চের ভেতরে-বাইরে ও ছাদে যাত্রীতে ঠাসা ছিল। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
বেশ কিছু যাত্রী পরিবার নিয়ে সকাল সাড়ে ১০টায় এমভি মিতালীতে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আনিসুর রহমান নামে এক যাত্রী স্ত্রী-সন্তান নিয়ে লঞ্চে ওঠার পর বসার জায়গা পাননি। পরে লঞ্চ থেকে তাঁরা নেমে পড়েন। আনিসুর রহমান বলেন, এক ঘণ্টা অপেক্ষা করেও প্রচণ্ড ভিড়ের কারণে তাঁরা লঞ্চে জায়গা পাননি। তাঁর মতো অনেকেই লঞ্চে উঠতে পারেননি। এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো নজরদারি নেই।
ফরিদগঞ্জ রূপসা এলাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছোট ভাইকে নিয়ে লঞ্চঘাটে আসেন সুষমা আক্তার। যাত্রীদের হুড়োহুড়ির কারণে দেড় ঘণ্টা চেষ্টা করেও লঞ্চে উঠতে পারেননি তিনি।
লঞ্চঘাটের সুপারভাইজার রুহুল আমিন বলেন, আগে থেকেই ঢাকাগামী মানুষের প্রস্তুতি ছিল। ফলে লঞ্চ চালু হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চঘাটে মানুষের উপচে পড়া ভিড় লাগে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক কায়সারুল আলম বলেন, ‘আমরা ভোর থেকে এই ঘাটে অবস্থান করছি। যাত্রীর চাপে আমরা ঢাকামুখী সব কটি লঞ্চ নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ত্যাগ করার ব্যবস্থা করি।’