চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের ব্লকধস, আতঙ্কে স্থানীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহর রক্ষা বাঁধের সিসি ব্লকে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত স্থানীয় লোকজন। আজ রোববার সকালে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের লঞ্চঘাট টিলাবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের বাঁধের সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। আজ রোববার ভোর থেকে শহরের মাদ্রাসা রোডের লঞ্চঘাট টিলাবাড়ি এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়। ফলে চরম আতঙ্কে রয়েছে বাঁধের ওপর বসবাসরত কয়েক হাজার পরিবার।

স্থানীয় বাসিন্দা শাহ আলম মল্লিকসহ বেশ কয়েকজন বলেন, রোববার ভোর থেকে হঠাৎ শহর সংরক্ষণ প্রকল্পের আর সিসি ব্লক বাঁধ মেঘনা নদীতে দেবে যেতে শুরু করে। এ খবরে স্থানীয় আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫০ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায়। বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।

স্থানীয় লোকজন বলছেন, ধস ঠেকাতে দ্রুত সেখানে কার্যকর ব্যবস্থা না নিলে তীব্র নদীভাঙনসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকার কয়েক হাজার পরিবার আতঙ্কে রয়েছে।

জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, তাঁরা সকাল থেকেই কাজ করছেন। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৫০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে। এ ছাড়া স্থানটিতে বর্তমানে ৪০ মিটার গভীরতা থাকায় নদীর তলদেশের স্রোত আর ঢেউয়ের আঘাতে এ অবস্থা দেখা দেয়। রোববার বিকেলের মধ্যে এই ঝুঁকিপূর্ণ স্থানটির ভাঙন রোধে সাময়িক বালুর বস্তা ও আর সিসি ব্লক ফেলার কাজ শুরু করা হবে।