চাঁদপুর শহরের পরিত্যক্ত নালা থেকে মিষ্টি বিক্রেতার লাশ উদ্ধার
চাঁদপুর শহরে পরিত্যক্ত নালা থেকে অসীম সাহা (৩৫) নামের এক মিষ্টি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের ষোলঘর এলাকার উপজেলা পরিষদের সামনের নালা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত অসীম সাহা শহরের কোড়ালিয়া এলাকার মানিক সাহার ছেলে। তিনি শহরের পালবাজারে মিষ্টি বিক্রি করতেন।
মডেল থানা–পুলিশ জানায়, আজ বিকেলে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সামনে পরিত্যক্ত নালায় লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত অসীম সাহা শহরের পালবাজারে মিষ্টি বিক্রি করতেন।
নিহত ব্যক্তির ভাই রিপন সাহা বলেন, গতকাল রোববার রাতে তাঁর ভাই অসীম ঘরে মুঠোফোন রেখে কিছু টাকা নিয়ে বাসা থেকে বের হন। তারপর থেকে তাঁরা আর হদিস পাননি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ বলেন, লাশটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।