চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় আহত স্কুলশিক্ষিকা মারা গেছেন
অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার চার দিন পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা (৩০) গতকাল রোববার রাত ১১টায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাঁজা মাইনুদ্দিন।
ফাতেমা-তুজ-জোহরার বাবা চাঁদপুর জজ কোর্টের সেরেস্তাদার জহিরুল হক মিয়া জানান, ফাতেমা-তুজ-জোহরা ২৫ নভেম্বর সকাল ৯টায় স্কুলে যাচ্ছিলেন। রাস্তায় উপজেলার বানিয়াঁচো এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে ফাতেমা মাথা, পিঠ ও পায়ে আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠান। সেখান থেকে তাঁকে চাঁদপুরের বাসায় নিয়ে আসা হলে রাতে বুকে ব্যথা অনুভব করতে থাকেন। হাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ফাতেমার পাঁচ বছর বয়সী এক মেয়েসন্তান রয়েছে।
ফাতেমার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।