চাঁদপুরে অবৈধভাবে বালু তোলায় ১১ ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ২২
চাঁদপুরে পদ্মা ও মেঘনায় অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে প্রশাসন। জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনায় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌপরিবহন অধিদপ্তর এ যৌথ অভিযানে অংশ নেয়।
প্রথম দিন রাজরাজেশ্বর চর এলাকায় প্রায় সাত ঘণ্টার সাঁড়াশি অভিযানে তিনটি ড্রেজার ও আটটি বালু বহনকারী বাল্কহেড জব্দ করা হয়। এ সময় ১১টি নৌযান থেকে চালক, সুকানিসহ ২২ জনকে আটক করা হয়। এরপর সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক একজনকে অভিভাবকের জিম্মায় দিয়ে বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী বলেন, অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. মিলন মোল্লা।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসন থেকে গঠিত চারটি ইউনিট একযোগে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চালায়। ওই সময় যেসব ড্রেজার ও বাল্কহেডের রেজিস্ট্রেশন নেই, সেগুলো জব্দ করা হয়। আটক করা হয় ২২ জনকে। তাঁদের মধ্যে ১৫ জনকে ৬ মাস করে এবং ৬ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত অবৈধ নৌযানগুলো নৌ পুলিশের জিম্মায় রয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ইলিশের আবাসস্থল নিরাপদ রাখতে ও নদী রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়েছে, যা অব্যাহত থাকবে।