চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে এক রাতে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রাতেই সাতজনের মৃত্যু হয়েছে
ফাইল ছবি

২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক রাতেই সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন করোনায় ও বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা যান।

রাতে করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া দুজন হলেন ফরিদগঞ্জ মানুরি এলাকার আমির হোসেন (৭৫) এবং চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার সামছুন্নাহার (৭৫)। উপসর্গ নিয়ে মা যাওয়া পাঁচজন হলেন ফরিদগঞ্জ গাজীপুর এলাকার ইউসুফ পাঠান (৭০), রামগঞ্জ বলোড়া এলাকার মনি বেগম (৫৫), কচুয়ার খাজুরিয়া এলাকার আমেনা বেগম (৬৫), ফরিদগঞ্জ খাজুরিয়া এলাকার খলিলুর রহমান (৮৫) এবং কচুয়ার পোয়া এলাকার মনোয়ারা বেগম (৬০)।

মারা যাওয়া অধিকাংশ রোগী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। তাঁদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

এর বাইরে ওই ওয়ার্ডে করোনায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার মো. শাহজাহান খান (৬৫) এবং মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার ইসহাক সরকার (৪৮) মারা যান। আর উপসর্গ নিয়ে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকার আবুল বাশার (৫৫), ফরিদগঞ্জ কালীরবাজার এলাকার নিজাম উদ্দিন (৫৫) এবং মতলব উত্তর উপজেলার নাউরী এলাকার রুহুল আমিন (৫৫) মারা গেছেন।
হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, মারা যাওয়া অধিকাংশ রোগী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। তাঁদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ১ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৭ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০২ জন, হাজীগঞ্জের ৩৯ জন, ফরিদগঞ্জের ৫২ জন, মতলব উত্তরের ৩৫ জন, শাহরাস্তির ৫১ জন, কচুয়ার ৪৮ জন, হাইমচরের ২১ জন, শরীয়তপুরের ২ জন এবং লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা ৩ জন।