চাঁদপুরে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যানার হাতে চাঁদপুরের শলোমন মণ্ডল ও মুক্তি মণ্ডল। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে।
ছবি: প্রথম আলো

চাঁদপুরে ব্যাপ্টিস্ট চার্চের জমি আত্মসাতের প্রতিবাদ করায় নগরের স্ট্যান্ড রোডের খ্রিষ্টানপাড়ার একটি খ্রিষ্টান পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমন অভিযোগ করেন শলোমন মণ্ডল ও মুক্তি মণ্ডল দম্পতি।

তাঁদের অভিযোগ, চার্চের সম্পদে দুর্নীতি হয়েছে। এর প্রতিবাদ করায় তাঁদের একঘরে করে রাখা হয়েছে। চার্চসহ খ্রিষ্টান সম্প্রদায়ের যত সংগঠন আছে, প্রতিটি সংগঠনে চিঠি দিয়ে তাঁদের অবাঞ্ছিত করা হয়েছে। তাঁরা কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন না। কেউ তাঁদের সঙ্গে কথা বলে না।

শলোমন মণ্ডল বলেন, চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের জমি আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের মার্চে চার্চের সম্পাদক লিয়র প্রতিম সরকার, তাঁর স্ত্রী লেসলি সরকার, চাঁদপুর সদরের সাবরেজিস্ট্রার জসিম উদ্দিনসহ মোট আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেন তিনি। এর জেরে তাঁদের একঘরে করা হয়েছে।

শলোমন মণ্ডল জানান, ২০২০ সালের ২২ জানুয়ারি চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চকে একটি চিঠি দেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের (বিবিসিএফ) ভারপ্রাপ্ত সভাপতি কাজল কে সেনগুপ্ত। তাতে তাঁদের বহিষ্কারের আহ্বান জানানো হয়। এরপর থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে তাঁরা অংশ নিতে পারেন না।