চাঁদপুরে করোনা রোগী ৫০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে নতুন করে ৩০ জন করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৪ জনের প্রতিবেদন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ও বাকি ৬ জনের প্রতিবেদন মতলব আইসিডিডিআরবিতে আসে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫০৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরে ১৯জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে একজন ও মতলব দক্ষিণে ৬জন। এই ৩০ জনের মধ্যে দুজন আগেই করোনার উপসর্গ নিয়ে মারা যান। তাঁরা হচ্ছেন ফরিদগঞ্জের আজিজ মোল্লা (৬৫) ও চাঁদপুর শহরের মফিজুল রহমান (৬৫)।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে, চাঁদপুরে এ পর্যন্ত করোনা ‘পজিটিভ’ হয়ে ও এই ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮৫ জন। এর মধ্যে ৪২জন করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সব এলাকাকে লাল ও হলুদ এই তিন ধরনের অঞ্চলে ভাগ করে নিয়েছেন। সেটি অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।