চাঁদপুরে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার শাহাতলী জিলানী চিশতী কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. নুরুল বাতেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা-পুলিশ।
পরিবার ও তাঁর সহকর্মীরা জানান, শিক্ষক বাতেন আত্মহত্যা করেছেন।
কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রভাষক বাতেন অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তাঁর একটি পায়ে অস্ত্রোপচার করা হয়। সেই থেকে তিনি পা নিয়ে দুশ্চিন্তা করতেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, জিলানী চিশতী কলেজের এক শিক্ষকের গলায় ফাঁস দেওয়ার বিষয়টি কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে। নিহত বাতেনের পরিবার জানায়, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।