চাঁদপুরে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: প্রথম আলো

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলা ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারগুলোর মধ্যে ১১ লাখ টাকা বিতরণ করা হয়।

রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ক্ষতির মাত্রা অনুযায়ী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন যে বড় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। আপনাদের পাশে আমরা রয়েছি।’ তিনি পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং সহায়তার টাকা কীভাবে খরচ করবে, তার দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, পূজা উদ্‌যাপন কমিটির নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে নিহত চাপাইনবাবগঞ্জের বাবুলের স্ত্রী বেবী আরা খাতুনকে ৫ লাখ টাকা দেওয়া হয়। রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক ক্ষতি হয়তো আমরা পুষিয়ে দিতে পারব। কিন্তু তাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই ক্ষতি আমরা কোনো দিন হয়তো পুষিয়ে দিতে পারব না। গত কয়েক দিন আমরা ঘরে ঘরে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে ১০ পরিবারকে ১১ লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি।’

ঘটনার দিন আতঙ্কিত হয়ে মারা যাওয়া মানিক চন্দ্র সাহার স্ত্রী লিলি রানী সাহাকে ৫ লাখ, পুলিশের গুলিতে নিহত চাঁপাইনবাবগঞ্জের বাবুলের স্ত্রী বেবী আরা খাতুনকে ৫ লাখ, হাজীগঞ্জের কালচৌ ইউনিয়নের রামপুর এলাকায় মঞ্জু রানী সাহাকে ৪০ হাজার এবং বাকি ৬ পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।