চাঁদপুরে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা
চাঁদপুর জেলা ছাত্রদলের একটি পথ সভায় পুলিশের লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের অন্তত ১০ নেতা–কর্মী আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টায় শহরের মেথা রোড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের আহত কর্মী আল–আমিনের ভাষ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করে। এ সময় চাঁদপুর মডেল থানার পুলিশ এসে ছাত্রদলের ব্যানার নিয়ে যায়। মিছিল ও সভা ভন্ডুল করে দেয়। এ সময় আশপাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ ঘটনায় আহত ব্যক্তিদের কেউ হাসপাতালে ভর্তি না হলেও সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও দলটি কোনো অনুমতি নেয়নি। শহরে যানজটসহ আইনশৃঙ্খলার অবনতি আশঙ্কায় এই পথসভা বন্ধ করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু পাশ থেকে উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন দলটির নেতা–কর্মীরা। পরে বাধ্য হয়ে লাঠিচার্জ করা হয়। এতে কেউই আহত হননি বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।
জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন বলেন, ‘আমরা সময়ের অভাবে প্রশাসন থেকে কোনো লিখিত অনুমোদন নিতে পারিনি সত্যি, তবে মৌখিক অনুমোদন নিয়েছি। এ জন্য আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করতে পারে না।’