চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু
পঞ্চম ধাপে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত মিজান গাজী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, গত বুধবার উপজেলার উত্তর আলগী ইউপির জামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সদস্য প্রার্থী মিন্টু কবিরাজের লোকজনের হামলায় মিজান গাজী আহত হন। পরে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোটের দিন দুই পক্ষের সংঘর্ষকালে সদস্য প্রার্থী মিন্টু কবিরাজের লোকজনের হামলায় মিজান গাজী আহত হন।
এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোল্লা বলেন, তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন, ভোটের দিন দুই পক্ষের সংঘর্ষকালে মিজান গাজীর তলপেটে ঢিল পড়ে। এতে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে কচুয়া উপজেলার সাচার ইউপির ৮ নম্বর ওয়ার্ডে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে প্রাণ হারান শরিফুল ইসলাম (২২) এবং হাইমচরের নীলকমল ইউপি নির্বাচনে সহিংসতায় মীর হোসেন (৪০) নামের শরীয়তপুরের এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন।