চাঁদপুরে বাজারে পড়ে ছিল বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণ ঘোষ
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে একটি দোকানের পেছনে পড়ে ছিল বস্তাবন্দী লাশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির নাম নারায়ণ ঘোষ (৬০)। তাঁর বাড়ি শহরের ঘোষপাড়া এলাকায়।

বিপণীবাগ বাজারের ব্যবসায়ী শরীফ হোসেন বলেন, ‘আমি সকাল সাতটায় দোকান খুলতে এসে দোকানের পেছনে একটি বস্তা দেখতে পাই। তখন মনে হয়েছিল, এটি মুরগির আবর্জনাভর্তি বস্তা। স্থানীয় লোকজন এসে বস্তা খুলে দেখেন মানুষের লাশ। পরে ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’

বিপণীবাগ বাজারের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নারায়ণ ঘোষ দীর্ঘদিন ধরে বাজারে হেঁটে দধি বিক্রি করতেন। পাশাপাশি বিভিন্ন দোকানির কাছে সুদে টাকা বিনিয়োগ করে আসছিলেন। টাকার লেনদেনকে কেন্দ্র তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।