চাঁদপুরে মাঝনদীতে বাল্কহেডে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে ঢাকাগামী কাগজের কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারুক নামে কাগজের কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার চাঁদপুরের সাব-লেফটেন্যান্ট রুহান মঞ্জুর বলেন, বাল্কহেডটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় মেঘনা নদীর গ্রিন বয়ার কাছে আসার পর বাল্কহেডে থাকা কার্টনে আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক তাঁরা ঘটনাস্থলে যান এবং তাঁদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগ দেয় ফায়ার সার্ভিসের জাহাজ ‘অগ্নিবিনাশ’। তারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

এ সময় বাল্কহেডে থাকা ৬ জন নাবিককে নিরাপদে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

এ সময় বাল্কহেডে থাকা ৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় তারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রুহান মঞ্জুর নিশ্চিত করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।