চাঁদপুরে মেয়র নাট্যোৎসব শুরু
চাঁদপুর পৌরসভার সহযোগিতায় চাঁদপুরের সাতটি নাট্য সংগঠন যৌথভাবে এই প্রথমবারের মতো সপ্তাহব্যাপী মেয়র নাট্যোৎসবের আয়োজন করেছে। গত শুক্রবার রাত আটটায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শিরোনামের গানটির সঙ্গে তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এই নাট্যোৎসবের সূচনা হয়।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, চাঁদপুর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আবু সাহেল মো. আবদুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী দিন শুক্রবার অনন্যা নাট্যগোষ্ঠীর লোকগীতিময় নাটক রূপভান মঞ্চস্থ হয়। গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় বর্ণমালা থিয়েটারের নাটক দ্য ট্র্যাপ। নাটকটির নির্দেশনায় রয়েছেন লিটন ভূঁইয়া। আজ রোববার স্বরলিপি নাট্যদলের নাটক কদম ফুল মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। সোমবার মঞ্চস্থ হবে চাঁদপুর ড্রামার নাটক বৌ মা।