চাঁদপুরে লঞ্চঘাটের দেবে যাওয়া স্থানে ফেলা হচ্ছে বালুর বস্তা
চাঁদপুর শহরের টিলাবাড়ি এলাকায় লঞ্চঘাটের দেবে যাওয়া স্থানে বালুর বস্তা ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে সাময়িকভাবে দেবে যাওয়া স্থানে ভাঙন বন্ধ হয়েছে।
আজ সোমবার সকাল থেকে বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়। চাঁদপুর পাউবোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, দেবে যাওয়া স্থানের আশপাশ মিলিয়ে ৫০ মিটার অংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে ১০ হাজার ৫০০ বালুর বস্তা ফেলার পর ৪ হাজার আরসিসি ব্লক ফেলা হবে।
পাউবোর এই কর্মকর্তা জানিয়েছেন, দেবে যাওয়া স্থানটিতে প্রায় ৩০ মিটার গভীরতা রয়েছে। গত রোববার নদীর তলদেশের স্রোত আর ঢেউয়ের আঘাতে সেখানে ভাঙন দেখা দেয়।
চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, ভাঙনের খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পৌর মেয়র জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী দীপু মনি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।