চাঁদপুরে লরি থেকে ভবনে অগ্নিকাণ্ড, দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার রাত ১১টায় দগ্ধ তেলের ট্যাংক লরির চালক বাদশা মিয়া (৫০) চাঁদপুর সদর হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ১১ দিনে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। 

গত ৩১ আগস্ট রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির একটি লরি থেকে পাইপ দিয়ে ওই ভবনের নিচতলায় ড্রামে পেট্রল সরবরাহ করা হচ্ছিল। এ সময় হঠাৎ গাড়িতে বিকট শব্দ হয়ে তেলের ট্যাংক লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলাবিশিষ্ট ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনার পর আহত ছয়জনের মধ্যে তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), তাঁর ছেলে মো. রায়হান (২৩), লরির সহকারী নূর মোহাম্মদ (২০) ও মাসুদ হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ট্যাংক লরি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে বেলাল হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদপুর মডেল থানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে আহত ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে অভিযুক্ত পাঁচজনই মারা যান।
এদিকে গতকাল ঘটনার ১০ দিন পর চাঁদপুর-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ঘটনাস্থল পরিদর্শন করেন।