চাঁদপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ করে হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ী হান্নান মৃধা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্বজন ও স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার চাঁদপুর শহরে
ছবি: প্রথম আলো

লাশ নিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে চাঁদপুরে ব্যবসায়ী হান্নান মৃধা হত্যার বিচার দাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর বাসস্ট্যান্ড রোডে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বিক্ষোভ চলাকালে ব্যবসায়ী হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, তাঁর চাচাকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশকে জানিয়েও বিচার পাননি। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলতে থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, আপনারা যে দাবি নিয়ে সড়কে নেমেছেন, এর বিচারের জন্য সময় দিতে হবে। পুলিশ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনবে।

সড়ক অবরোধের সময় চাঁদপুর শহরে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, এ ঘটনায় হান্নান মৃধার বোন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

১ মার্চ হান্নান তাঁর শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় হান্নানের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। ৬ মার্চ একটি মুঠোফোন নম্বর থেকে কল করে হান্নানের মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করা হয়।

মুক্তিপণ দাবীকারীরা টাকা নিয়ে হান্নানের স্বজনদের বেনাপোলে যেতে বলে। হান্নানের পরিবারের দাবি, তারা প্রথমে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু এরপর মুক্তিপণ দাবিকারীদের নম্বর বন্ধ পাওয়া যায়। সবশেষ ১৩ মার্চ বেনাপোল সীমান্ত এলাকা থেকে হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের পর থেকে অপরাধীদের শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করে আসছেন হান্নানের পরিবার ও এলাকাবাসী। হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এলাকার একটি দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।