চাঁদপুরে ২০০ অটোরিকশা জব্দ, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোরিকশা চলাকদের সড়ক অবরোধ। আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে।
ছবি: প্রথম আলো

চাঁদপুরে সীমিত পরিসরে লকডাউন চলাকালে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে প্রায় দুই শ অটোরিকশা জব্দ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের স্টেডিয়াম রোডে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তাঁরা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

অটোরিকশাচালকেরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। এতে তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তাঁরা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। প্রশাসন ও পুলিশের লোকজন গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ দুপুর পর্যন্ত ১৮৬টি অটোরিকশা জব্দ করেছে। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, সড়কে চালকেরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো যানবাহন সড়কে নামলেই চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনো আমাদের কাছে সেই ধরনের কোনো নির্দেশনা আসেনি।’