চাঁদপুরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
চাঁদপুরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আজ বুধবার বেলা ১১টার মধ্যে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পুনরায় টিকা এলে তা চালু করা হবে। করোনার দ্বিতীয় ডোজ টিকার জন্য এর আগে যাঁরা মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন, তাঁরা আজও টিকাকেন্দ্রে এলে মজুত থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, চাঁদপুর জেলায় গত ৭ ফেব্রুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত করোনার ২ লাখ ৬১ হাজার ৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনার টিকার জন্য মোট ৪ লাখ ৯৭ হাজার ৫১২ জন নিবন্ধন করেন।