চাঁদপুরের সঙ্গে বিভিন্ন পথে বাস চলাচল বন্ধ
বাস দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিকের মৃত্যুর পর আজ সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন পথে চাঁদপুরের বাস চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবস্থিত মালিক সমিতি ও শ্রমিক সমিতির কার্যালয়ের আসবাব ভাঙচুর করেছেন।
বাসশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার সকাল ছয়টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার এলাকায় পদ্মা নামের যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। আহত হন বাসচালক মো. মিজান (৩৫) ও বাসের অন্তত ১০ যাত্রী। গুরুতর আহত মিজানকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়। গতকাল সেখানে মারা যান মিজান।
শ্রমিকদের অভিযোগ, মিজান অর্থাভাবে একপ্রকার বিনা চিকিৎসায় মারা গেছেন। তবু পরিবহননেতারা তাঁর কোনো খোঁজ নেননি। চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতা দূরের কথা, এমনকি তাঁর জানাজায়ও আসেননি ওই নেতারা।
বাসশ্রমিকেরা আজ সকাল থেকে চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবস্থান নেন। সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন পথে চাঁদপুরের বাস চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে এসব পথের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা টার্মিনালে অবস্থিত মালিক সমিতি ও শ্রমিক সমিতির কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টার্মিনাল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাস টার্মিনাল এলাকায় কোনো শ্রমিকনেতাকে খুঁজে পাওয়া যায়নি। চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির মুঠোফোন নম্বরে ফোন দিলেও ধরেননি। অবশ্য চাঁদপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক দেওয়ান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা করছি।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান উদ্যোগী হয়েছেন। তিনি বাসশ্রমিক ও নেতাদের নিয়ে বিকেলে বৈঠকে বসবেন। উভয় পক্ষ এক জায়গায় বসলে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।