চাঁদপুরের সেই নবজাতক এখন সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কোল ফিরে পাওয়া সেই নবজাতককে চিকিৎসাসেবা দিচ্ছেন একজন চিকিৎসক। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারোআনি গ্রামে
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হাসপাতালের পাওনা মেটাতে বিক্রি করা সেই নবজাতক আব্রাহান এখন সুস্থ। বেসরকারি হাসপাতাল ‘পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে’ জন্মের পর হাসপাতালের পাওনা পরিশোধ করতে গিয়ে স্থানীয় এক নারীর কাছে নবজাতকটি বিক্রি করে দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁকে মায়ের কোল ফিরিয়ে দেওয়া হয়। তবে নবজাতকটি মায়ের কোল ফিরে পাওয়ার পর থেকে তীব্র জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল।

নবজাতক আব্রাহানের মা তামান্না আক্তার বলেন, প্রশাসনের সহযোগিতায় সন্তানকে ফিরে পাওয়ার পর বাড়ি গিয়ে দেখেন, তাঁর সন্তান ভীষণ অসুস্থ। তীব্র জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল সে। ঘুমানোর খাট বা চৌকি না থাকায় ঘরের মেঝেতে রাখতে হতো তাকে। এতে তার অসুস্থতা আরও বেড়ে যায়। বুকের দুধও পান করছিল না সে। এ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। পরে স্থানীয় এক চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে তাকে ওষুধ খাওয়াতে থাকেন। এক সপ্তাহ পর আজ শুক্রবার সকাল থেকে সে অনেকটাই সুস্থ। তার শরীরের জ্বর নেমে গেছে। এখন সর্দি-কাশি ও শ্বাসকষ্টও তেমন নেই।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পর থেকে ওই নবজাতকের সার্বিক খোঁজখবর রাখছে প্রশাসন। তার চিকিৎসায় একজন চিকিৎসককে ওই বাড়িতে পাঠানো হয়েছে। ঘুমানোর জন্য শিশুটিকে একটি চৌকি দেওয়া হয়েছে। ওষুধ কেনার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে। শীতে শিশুটি যাতে কষ্ট না পায়, সেজন্য নবজাতক ও তার মায়ের জন্য একটি ভালো মানের কম্বল দেওয়া হয়েছে। শিশুটির সুস্থতার খবর পেয়ে স্বস্তি লাগছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের দিনমজুর মো. আলমের স্ত্রী তামান্নার (২৮) প্রসবব্যথা উঠলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে পালস এইড হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে অস্ত্রোপচারে এক ছেলেসন্তানের জন্ম দেন তামান্না। ২৮ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ২৬ হাজার টাকার বিল ধরিয়ে দেয়। ওই টাকা দিতে না পেরে এক ব্যবসায়ীর মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির কাছে ৫০ হাজার টাকায় ওই সন্তানকে বিক্রি করে হাসপাতালের পাওনা পরিশোধ করেন। ৩ ফেব্রুয়ারি বিষয়টি জানাজানি হলে গোটা এলাকায় তোলপাড় শুরু হয়। নড়েচড়ে বসেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন। পরে ওই দিন রাতে প্রশাসনের উদ্যোগে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এ নিয়ে ৪ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘সন্তানকে বেচে হাসপাতালের পাওনা মেটালেন মা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া ‘বেচে দেওয়া সন্তান ফিরে পেলেন মা’ শিরোনামে অপর একটি প্রতিবেদন প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়।